ভেড়ামারায় ঝড়ে লন্ডভন্ড আদিবাসীদের বসত বাড়ি
ঝড়ের কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আদর্শ কলেজের সন্নিকটে রেল লাইনের পাশে অবস্থিত আদিবাসীদের বসতবাড়ি। রোববার দিবাগত রাতের ঝড়ে বেশ কয়েকটি ঘরের টিন উড়ে যায় সেই সাথে বাড়ি-ঘর লন্ডভন্ড হয়ে যাওয়ায় ভুক্তভোগী নারী-পুরুষ শিশুদের নির্ঘুম রাত অতিবাহিত করতে হয়।

ভেড়ামারায় ঝড়ে লন্ডভন্ড আদিবাসীদের বসত বাড়ি
ক্ষতিগ্রস্ত বুড়ো, রানা, নিরাপদো,অশোক, মোহনেরা এই প্রতিবেদককে জানান কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন। ঘরের চালা সারাবার মতো প্রয়োজনীয় অর্থও তাদের কাছে নেই। তারা সমাজের নিম্ন আয়ের হতদরিদ্র ভাগ্যাহত মানুষ।
প্রাকৃতিক দুর্যোগে পড়ে তাদের অসহায়ের মাত্রা সীমা ছাড়িয়েছে। এদিকে বাড়ি ঘরের অবস্থা নাজুক থাকবার কারণে আকাশে মেঘ দেখলেই তাদের মনে জেগে উঠছে আতঙ্ক। মৃদ মন্দ বাতাস শুরু হলেই অজানা আতঙ্কে পরিবারের শিশুরা কেঁদে উঠছে।
এদিকে উক্ত স্থানে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের লোকজন আরো জানালেন তাদের ব্যবহৃত একমাত্র নলকূপটিতে পানি ওঠেনা। ফলে সুপেয় পানি যোগাড় করা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

এমতাবস্থায়, আদিবাসী সম্প্রদায়ের এই অংশটির অবহেলিত মানুষদের দুর্দশা লাঘবের জন্য দ্রুত সরকারি সহায়তার অনুরোধ জানানো হয়েছে।
