মোশারফ হোসেন ॥ এতিম ও অসহায় শিশুদের জীবন মানেই কি কেবল নিয়মের বেড়াজাল আর চার দেয়ালের বন্দী জীবন? প্রথাগত আনুষ্ঠানিকতার সব দেয়াল ভেঙে গতকাল শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর গেদিরন নেছা বালিকা এতিমখানায় এক আনন্দঘন ও মায়াময় পরিবেশের সৃষ্টি হয়। সমাজের বিশিষ্টজনদের সাবলীল উপস্থিতিতে শিশুদের ছোট্ট দুনিয়াটি সেদিন রূপ নিয়েছিল এক টুকরো স্বর্গে।
কুমারখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গল্প, হাসি, গান আর চায়ের কাপে চুমুকে একাকার হয়ে গিয়েছিল বড়দের মন আর ছোটদের নিষ্পাপ হাসি।
অনুষ্ঠান থেকে জানানো হয়, বর্তমানে এই এতিমখানায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। এর মধ্যে অর্ধশতাধিক শিক্ষার্থীকে সব ধরনের সহযোগিতা প্রদান করে আসছে এতিমখানা কর্তৃপক্ষ। শিশু শ্রেণি থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ প্রতিষ্ঠানের খরচে লেখা পড়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দিত এখানকার এতিম ও অসহায় শিশুরা।
এতিম শিশুদের মাথার ওপর স্নেহের হাত বুলিয়ে দিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। কুমারখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান জিল্লুর রহমান, জ্যেষ্ঠ আইনজীবী আলহাজ্ব মো. নিয়ামক উল্লাহসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিশুদের পাশে বসে তাদের মনের কথা শোনা, তাদের ছোট্ট স্বপ্নগুলোর খোঁজ নেওয়া আর এক কাপ চায়ের উষ্ণতায় নিজেদের জড়িয়ে নেওয়ার অনুভূতিটি ছিল সত্যিই চমৎকার। অতিথিরা শিশুদের সঙ্গে এমন সময় কাটিয়ে নিজেদের বুকভরা আনন্দ ও মুগ্ধতা প্রকাশ করেন।
আয়োজকদের মতে, সমাজের এই অবহেলিত মণি-মুক্তাদের সঙ্গে এমন আন্তরিক সময় কাটানো শুধু তাদের একাকীত্বই দূর করে না, বরং তাদের মনে এই বিশ্বাসের বীজ বুনে দেয় যে—”আমরা একা নই, সমাজ আমাদের আপন করে নিয়েছে।” সমাজের এই ছোট ছোট ভালোবাসা ও উদ্যোগগুলোই একদিন পুরো সমাজকে আরও সুন্দর ও সম্প্রীতিময় করে তুলবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও অতিথিদের।









