কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আজ শেষ হচ্ছে তিনদিনের অনুষ্ঠানমালা

 

 

মিজানুর রহমান নয়ন, কুমারখালী ॥ অন্ধকারাচ্ছন্ন মঞ্চে পরপর তিনটা ঘণ্টার ধ্বনি। মঞ্চের আলো ঝাপসা হয়ে যায়। জমিদারী চরিত্রে একজন বলছেন, ‘ চাষার হাতে গোলাপ ফুল। ‘ তোষামদে চরিত্রে আরেকজন বলছেন ‘ গোবরে পদ্মফুল হুজুর। ‘ এ কথা শুনে জমিদার দাঁত কামড়িয়ে বললেন, ‘ গোবর কোথায় পেলে? পাকা আম, হারামজাদা দাঁড়কাক।’ তখন দর্শকরা হাসতে হাসতে করতালি দিতে থাকেন। এ সময় মঞ্চে জ্বলে উঠে আলো। দেখা গেল জমিদারী পোশাকে এক যুবক এবং সাদা পাঞ্জাবি – পাজামা পরিধান করা আরো দুই যুবক।

 

শুক্রবার রাত ৯টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের বাস্তুভিটার মঞ্চে এ দৃশ্য দেখা যায়। এরপর রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ আবার ঘণ্টা বাজল। মঞ্চে দেখা যায়, খাজনা পরিশোধ না করা কৃষক চরিত্রে আবু মোল্লা মহাসংকটে পড়েছেন। কোরানশরীফ থেকে আয়াত পাঠ হচ্ছে। পর্দায় ফাঁসির দড়ি ঝুলছে। আবু ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে। তখন আবেগ আপ্লুত হয়ে কেঁদে দেন অনেকেই।

 

প্রায় ১৪ ফুট দীর্ঘ মঞ্চটিতে মঞ্চায়িত নাটকের নাম ‘ জমিদার দর্পন’। এখানে ফুটিয়ে তোলা হয় তৎকালীন গ্রামীণ জীবন ব্যবস্থা ও জমিদারদের শাষণ, শোষণ – নিপীড়নের চিত্র। এতে কুমারখালী শিল্পকলা একাডেমী ও বিভিন্ন এলাকার প্রায় ৩২ জন শিল্পী অংশ নেন।

 

লাহিনীপাড়ার মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. আকাশ হোসেন বলে, প্রতিবারের ন্যায় এবারো নাটক হচ্ছে। অনেক লোকজন এসেছে দূর – দূরান্ত থেকে। খুবই ভালো লাগছে। সে আরো বলে, আমরা সাধারণত মোবাইলে বা টিভিতে নাটক দেখি। তবে মোবাইলের চেয়ে সরাসরি নাটক দেখায় আনন্দ বেশি।

 

ষাটোর্ধ স্থানীয় বাসিন্দা আমজেদ হোসেন বলেন, ‘ ছোটবেলায় টিভি – মোবাইল ছিলোনা। লাহিনীপাড়ায় সন্ধা নামলেই নাটক, যাত্রাপালা, কবিগানের আসর বসতো। এখন আর আগের মতো এসব নেই। কবির জন্মদিনে বছরে একবার হয়। তাই দেখি, ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে যায় এখানে আসলে। মো. ইছাহক নামের এক বাসিন্দা বলেন, এখন আগের মতো সুস্থ ধারার বিনোদন নেই। আমরা চাই আবার আগের মতো মঞ্চনাটকসহ সকল বিনোদন ফিরে আসুক। যুবসমাজ যেন সঠিক বিনোদন পাই, সেই ব্যবস্থা করা হোক।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, সাংসারিক কাজ সেরে প্রতিবারের ন্যায় নাটক দেখতে এসেছেন। এবার সঙ্গে আছে দুই নাতি ও নাত বউ। তাঁর ভাষ্য, নাটকে জমিদারদের অন্যায় অত্যাচার, জুলুম দেখে চোখ দিয়ে আপনাআপনিই পানি বের হয়ে গেছে।

 

নাটকে মীর মশাররফ হোসেনের চরিত্রে অভিনয় করেছেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানু। তিনি জানান, জমিদার দর্পন একটি বাস্তব ধর্মী নাটক। এখানে জমিদার ব্যবস্থার কুফল এবং সাধারণ মানুষের উপর জমিদারদের নির্মম নির্যাতনে চিত্র তুলে ধরা হয়েছে।

 

বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, কুষ্টিয়া শাখার সভাপতি মিঠুল ইসলাম টিসু বলেন, নাটক যাত্রাপালার মাধ্যমে সমাজের অন্যায়, অত্যাচার, কুসংস্কার ফুটিয়ে তোলা হয়। আমরা চাই আবার বাংলার গ্রামে – গঞ্জে লোকজ ঐতিহ্য ফিরে আসুক।

 

জানা গেছে, ১৩ নভেম্বর ছিল অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল জন্মজয়ন্তীতে কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ায় তাঁর বাস্তুভিটায় তিন দিনব্যাপী অন্ষ্ঠুানের আয়োজন করে জেলা প্রশাসন। শুক্রবার বিকেলে লাঠিখেলার মধ্য দিয়ে শুরু হয় বিষাদ-সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের জন্মোৎসব। এ দিন সন্ধায় আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এরপর রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মঞ্চায়িত হয় কবির লেখা নাটক ‘ জমিদার দর্পন ‘।

 

শনিবার ছিল আয়োজনের দ্বিতীয় দিন। এই দিন সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মঞ্চায়িত হয় নাটক ‘ এজিদ বধ’। আজ রোববার সন্ধায় সমাপনী অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক ‘ ফাঁস কাগজ’ মঞ্চায়িতের মধ্যদিয়ে গভীর রাতে শেষ হচ্ছে তিনদিনের অনুষ্ঠানমালা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাস বলেন, নতুন প্রজন্মের মাঝে কবির সৃষ্টিকর্মকে ছড়িয়ে দিতে এবং সুস্থ ধারার বিনোদন ফিরিয়ে আনতে মঞ্চনাটকের আয়োজন করা হয়েছে। এছাড়াও কবির জন্মদিন উপলক্ষে লাঠিখেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার ব্যবস্থা রাখা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর