মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের আওতায় মিরপুর পৌরসভা ছাড়াও কুর্শা, আমবাড়ীয়া, পোড়াদহ, সদরপুর ও চিথলিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং জামে মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
দিনব্যাপী এ কার্যক্রমে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ অংশ নেন। বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বাড়ির আঙিনা, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থল নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়মিত নজরদারি করা হবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলমান থাকবে।









