কুমারখালী প্রতিনিধি ॥ ‘স্বামী মরে গেছে স্ট্রোক করে। ছেলের একখেন ভ্যান কিনে দিছলাম। সেই ভ্যানডা চুরি হয়া গেছে। না খ্যায়াই দিন যায়, রাত যায়। এখন চলব ক্যাম্বা দুডে ছোয়ালপাল নিয়ে। আমি প্রতিবন্ধী। আমার ছেলে প্রতিবন্ধী। একখেন ভ্যান হলেই চলতে পারতাম। ‘ কাঁন্নাজড়িত কণ্ঠে কথা গুলো বলছিলেন কুষ্টিয়ার কুমারখালীর শারীরিক প্রতিবন্ধী রোকেয়া খাতুন ( ৩৮)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মৃত মামুনের স্ত্রী। শারীরিক প্রতিবন্ধী ছেলে স্বপন মাহামুদ (১৬) ও মেয়ে মারিয়া খাতুন (৯)সহ তিনজনের সংসার তাঁর।
জানা গেছে, কুমারখালীর লাহিনীপাড়া-সান্দিয়ারা জিকে খাল সড়কের যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর বাজার এলাকায় একটি টিনের খুপড়ি ঘরে বাস করেন শারীরিক প্রতিবন্ধী রোকেয়া খাতুন। প্রায় তিন বছর আগে হৃদয় যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তাঁর দিনমজুর স্বামী। এরপর পড়াশোনা বন্ধ করে সংসারের হাল ধরে তাঁর কিশোর ছেলে স্বপন মাহমুদ। ছেলের বাম পাঁয়ে শক্তি নেই (সেরিব্রাল পালসি)। ভারি কোনো কাজ করতে পারেনা। ধারদেনা ও ঋণ করে একটি মোটরচালিত ভ্যান কিনে দিয়েছিল ছেলেকে। ভ্যান চালিয়ে প্রতিদিন ২৫০ – ৩০০ টাকা আয় করত ছেলে। তা দিয়েই চলছিল তিনজনের সংসার।
কিন্তু প্রায় আড়াই মাস আগে নিজ বাড়ি থেকে উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আবার সামর্থ্য না থাকায় নতুন ভ্যানও কেনা সম্ভব হয়নি। ফলে ভ্যান হারিয়ে মানবেতর জীবন – যাপন করছে অসহায় পরিবারটি।
গতকাল রোববার ( ৮ নভেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, গ্রামীণ সড়কের পাশে সামান্য জমিতে একটি টিনের খুপড়ি ঘর। ঘরের ছোট্ট বারান্দায় প্রতিবন্ধী রোকেয়া খাতুন দুই সন্তান নিয়ে বসে আছেন। জ্বলেনি রান্নার চুলা। প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে ছুটে আসলেন প্রতিবেশীরাও।
এ সময় শারীরিক প্রতিবন্ধী কিশোর স্বপন মাহমুদ বলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বাবা মারা যান। এরপর সংসার চালাতে পড়াশোনা বন্ধ করে ভ্যান চালানো ধরি। প্রতিদিন ২৫০ – ৩০০ টাকা আয় হতো। তা দিয়ে কোনোমতে মা – বোনের খাওয়াতাম। কিন্তু সেটিও ( ভ্যান) চুরি হয়ে গেছে। এখন চেয়ে চিন্তে কোনোমতো চলছে সংসার।
তাঁর ভাষ্য, তিনি প্রতিবন্ধী। ভারী কাজ করতে পারেন না। একটি ভ্যান হলেই আবার করে খেতে পারতেন।
অসহায় নারী রোকেয়া খাতুন বলেন, একটি ভ্যান কিনতে ৭০ – ৮০ হাজার টাকা লাগে। কিন্তু এতো টাকা পাবো কোনে? প্রতিবেশী, আত্মীয় স্বজন কখনও চাল ডাল, আবার কখনও রান্না করা খাবার দিচ্ছে। তা দিয়ে দিন গিয়ে রাত আসে। সরকার যদি একটি ভ্যান কিনে দিতো। তাহলে খেয়ে পড়ে বাঁচতাম।
প্রতিবেশী ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মরিয়ম খাতুন বলেন, খুবই গরব ও অসহায় পরিবারটি। ভ্যান হারানোর পর মানবেতর জীবনযাপন করছে। সবাই মিলে এক মুঠ, দুই মুঠ করে চাল, ডাল ও ভাত – তরকারি দিচ্ছে। তা দিয়ে কোনোমতে বেঁচে আছে। এখন সমাজের বিত্তবান ও সরকারের পক্ষ্য থেকে একটি ভ্যান কিনে দিলেই বাঁচতো পরিবারটি।
একদিকে প্রতিবন্ধী, অন্যদিকে তার ভ্যানটাও চুরি হয়ে যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মানবিক বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম। তিনি বলেন, লিখিত আবেদন পেলে সাধ্যমতো সহযোগীতা করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান তিনি।









