দৌলতপুর প্রতিনিধি ॥ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগীরচর বাজারে দৌলতপুর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক ও সন্ত্রাস দমন, চাঁদাবাজি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি সহিংসতা রোধ, চুরি-ডাকাতি, ছিনতাই, আত্মহত্যা এবং গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ ও জনসচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান, ওসি (তদন্ত) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা শুধু পুলিশের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, সামাজিক নেতৃত্ব, অভিভাবক, যুবসমাজ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শিশু-কিশোর ও যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সভায় মাদক ও অপরাধের পরিবর্তে খেলাধুলা, সন্ত্রাসের পরিবর্তে শান্তি এবং অপরাধের পরিবর্তে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ দৌলতপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।









