কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের দ্বন্দ্বে অচলাবস্থা

ভেড়ামারা প্রতিনিধি ॥ প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) পদ নিয়ে দুই শিক্ষকের দ্বন্দ্বে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। দেড় মাস ধরে তালাবদ্ধ পড়ে আছে প্রধান শিক্ষকের কক্ষ। এতে বিদ্যালয়ের আর্থিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছে প্রায় ১২শ শিক্ষার্থী। 

 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিদ্যালয়টির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হকের দায়িত্ব শেষ হলে গত ১ জানুয়ারি জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মোছা. সালমা খাতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের নির্দেশে সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিনের সই করা আদেশে নতুন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নুর উদ্দিন মোহা. জাহাঙ্গীরকে। এর ৪৫ দিন পেরিয়ে গেলেও সালমা খাতুন দায়িত্ব হস্তান্তর করেননি। গত ১ নভেম্বর মাউশির খুলনা অঞ্চলের উপপরিচালক এ এস ছায়েদুর রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের তাগিদ দিলে সালমা খাতুন দুদিন সময় চান। এরপরও তিনি বিদ্যালয়ে উপস্থিত হননি।

 

নুর উদ্দিন মোহা. জাহাঙ্গীর বলেন, ‘মাউশির আদেশে আমাকে বিদ্যালয়ের সকল আয়-ব্যয়ের ক্ষমতাসহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। আগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অফিসকক্ষ বুঝিয়ে দেননি। ব্যাংক হিসাবের কাগজপত্রসহ প্রয়োজনীয় সব নথি তালাবদ্ধ করে রেখেছেন। এতে অফিস খরচ, পরীক্ষা পরিচালনাসহ বিদ্যালয় পরিচালনায় সংকট তৈরি হয়েছে।’

 

বিপরীতে নিজেকেই বৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দাবি করছেন সালমা খাতুন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। জ্যেষ্ঠতার ভিত্তিতেও নুর উদ্দিন জাহাঙ্গীর তৃতীয় অবস্থানে। স্নাতক ডিগ্রি অর্জনের সময়সীমা অনুযায়ীও আমার অগ্রাধিকার রয়েছে। মাউশির আদেশের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে রিট করেছি এবং সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।’

 

বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভাষ্য, এখানে মাত্র ২৮ জন শিক্ষক ১২শ শিক্ষার্থীকে পাঠদান করছেন। কয়েক বছর আগেও এখানে ৫৪ জন শিক্ষক ছিলেন। বিগত কয়েক বছরে ১৩ জন শিক্ষক অবসরে যান। শূন্য পদে কোনো নিয়োগ হয়নি। আরও কয়েকজন অন্যত্র চলে গেছেন। 

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, মাউশির আদেশ অনুযায়ী ২৪ সেপ্টেম্বর থেকে নুর উদ্দিন মোহা. জাহাঙ্গীরই বৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সালমা খাতুনের উচিত দায়িত্ব হস্তান্তর করা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর