দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ১৬ বছর ধরে নিখোঁজ এক বাক্প্রতিবন্ধী ব্যক্তির পৈতৃক ওয়ারিশি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে নিজের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাই এমদাদুল হকের (৫৫) বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের অন্য সদস্যদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দফাদারপাড়া গ্রামে। অভিযোগকারী পরিবারের দাবি, নিখোঁজ ভাই হাফিজুল ইসলামের পরিবর্তে অন্য এক প্রতিবন্ধী ব্যক্তিকে আপন ভাই পরিচয় দিয়ে তাঁর প্রাপ্য প্রায় পাঁচ বিঘা জমি গোপনে নিজের নামে দলিল করে নিয়েছেন এমদাদুল হক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দফাদারপাড়া গ্রামের মৃত আব্দুল গনি তিন ছেলে, আব্দুর রাজ্জাক, হাফিজুল ইসলাম ও এমদাদুল হক এবং চার মেয়ে রেখে মারা যান। তাঁদের মধ্যে মেজো ছেলে হাফিজুল ইসলাম বাক্প্রতিবন্ধী ছিলেন। ২০১০ সালের ১৮ জানুয়ারি কুষ্টিয়া সদর উপজেলার পেয়ারাতলা এলাকায় বসবাসরত বড় ভাই আব্দুর রাজ্জাকের বাসায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় পোস্টার লাগানোসহ নানা উপায়ে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
পরিবারের অভিযোগ, প্রতিবন্ধী সন্তানকে হারিয়ে মা মানসিকভাবে ভেঙে পড়েন। এদিকে এমদাদুল হক অন্য এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাড়িতে এনে নিজের ভাই পরিচয়ে আশ্রয় দেন। পরে সেই ব্যক্তিকে নিখোঁজ হাফিজুল ইসলাম হিসেবে পরিচয় দিয়ে তাঁর সম্পত্তি নিজের নামে লিখে নেওয়া হয়েছে বলে দাবি পরিবারের অন্য সদস্যদের।
অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৪ ডিসেম্বর ১২৯৮৪ নম্বর দলিলের মাধ্যমে দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে হাফিজুল ইসলামের প্রাপ্য প্রায় পাঁচ বিঘা জমি এমদাদুল হক নিজের নামে রেজিস্ট্রি করে নেন। এ বিষয়ে বড় ভাই ও বোনদের কিছু জানানো হয়নি বলেও অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা এমদাদুল হকের কাছে ব্যাখ্যা চাইলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি বলে দাবি তাঁদের।
এ বিষয়ে হাফিজুল ইসলামের বোন রওশন আরা খাতুন অভিযোগ করে বলেন, আমার মেজো ভাই হাফিজুল ইসলাম ২০১০ সালের ১৮ জানুয়ারি বড় ভাইয়ের বাসা থেকে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাইনি। এর মধ্যে এমদাদুল হক কোথা থেকে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে এনে ভাই পরিচয়ে বাড়িতে রাখেন। বাবা-মায়ের মৃত্যুর পর সেই ব্যক্তিকে নিখোঁজ ভাই সাজিয়ে তাঁর ওয়ারিশি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে গোপনে নিজের নামে লিখে নিয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানাতেই সাংবাদিকদের লিখিত অভিযোগ দিয়েছি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন এমদাদুল হক। তিনি বলেন, আমার বোনসহ যারা অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা হারিয়ে যাওয়া ভাইকে ফিরে পেয়েছি। হারিয়ে যাওয়ার চার-পাঁচ বছর পর বাবা-মা তাঁকে খুঁজে পান এবং বাড়িতে নিয়ে আসেন। বাবা-মায়ের মৃত্যুর পর তিনি আমার কাছেই থাকেন। তাই নিজের ইচ্ছায় তিনি তাঁর সম্পত্তি আমাকে লিখে দিয়েছেন। এখানে কোনো জালিয়াতি হয়নি।
তবে নিখোঁজ হাফিজুল ইসলামের সন্ধান পাওয়া, বর্তমানে থাকা ব্যক্তির পরিচয় এবং জমি রেজিস্ট্রির বৈধতা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।









