সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় একসঙ্গে সড়ক ও ড্রেন নির্মাণকাজ চলমান থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
খোকসা বাসস্ট্যান্ড এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের উন্নয়নকাজ শুরু হওয়ার প্রায় তিন মাস পেরিয়ে গেছে। তবে কাজ শেষ হতে আরও প্রায় তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে নির্মাণকাজ চলাকালীন সময়ে যানজট নিরসনে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে, খোকসা থানা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত খোকসা পৌরসভার রিজিওনাল আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের (জটঞউচ) আওতায় ড্রেন নির্মাণের কাজও প্রায় এক সপ্তাহ ধরে চলমান রয়েছে। এ কাজ শেষ হতে আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ড্রেন নির্মাণকাজের কারণে সড়কের এক পাশ দিয়ে ভ্যান, অটোরিকশা ও রিকশা চলাচল করছে। এর পাশাপাশি ফুটপাতের বিভিন্ন স্থানে দোকানদারদের সাইনবোর্ড ও অন্যান্য সামগ্রী থাকায় পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছে। ফলে সড়কের ওপর যানবাহনের চাপ বেড়ে গিয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
স্থানীয়দের অভিযোগ, যানজট নিরসনে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের সঙ্গে দুজন আনসার সদস্য দেওয়ার বিষয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, নির্মাণকাজ চলাকালীন বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্ত করা এবং প্রয়োজনীয় জনবল মোতায়েন করা হলে যানজট অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক খালিদ বিন মনসুর বলেন, খোকসা বাসস্ট্যান্ডে কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক ও মহাসড়কের যে কাজ চলছে, সেখানে পৌর প্রশাসনের তেমন কিছু করার নেই। তবে বাজারের মধ্যে ড্রেনের কাজ চলমান থাকায় কিছুটা যানজট হওয়া স্বাভাবিক। যানজট নিরসনে যেসব উদ্যোগ নেওয়া দরকার, খুব শিগগিরই সেসব উদ্যোগ গ্রহণ করা হবে।
স্থানীয় সাংবাদিক শামিম হোসেন বলেন, খোকসায় বাসস্ট্যান্ড ও বাজারের দুই জায়গায় একসঙ্গে কাজ চলছে। দুটি জায়গায় কাজ চলার কারণে যানজট নিরসনে আনসার সদস্য মোতায়েন করা যেতে পারে। পাশাপাশি প্রকল্পের আওতায় কাজ করা প্রতিষ্ঠান দুজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করলে যানজট অনেকাংশে কমে আসবে বলে তিনি মনে করেন।
খোকসা সরকারি কলেজের প্রভাষক নাহিদুল ইসলাম রাজু বলেন, খোকসা বাজারে অনিয়ন্ত্রিতভাবে বড় বড় ট্রাক থেকে পণ্য ওঠানামা করা হয়। পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভ্যানের সংখ্যাও বেড়েছে, অথচ যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। এসব কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। তার মতে, বিকল্প ব্যবস্থা না করে একই সময়ে উন্নয়নকাজ শুরু করায় যানজটের মাত্রা আরও বেড়েছে।
এ বিষয়ে স্থানীয় রাজনীতিবিদ রবিন রায়হান জসিম বলেন, যানজট নিরসনের দায়িত্ব পৌর প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দোকানের সাইনবোর্ড ও ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন, তাদের সরিয়ে দিলে যানজট অনেকাংশে কমে আসবে। এছাড়া নির্বাচিত মেয়র না থাকায় পৌরসভার বিভিন্ন কাজের ধীরগতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
খোকসা বাজারে ব্যবসায়ী নাহিদুজ্জামান নাহিদ বলেন, ড্রেনের কাজ অল্প অল্প করে কাজ শেষ করতে হবে এবং যারা অল্প বৈধভাবে ফুটপাত দখল করে রেখেছে তাদেরকে সরিয়ে দিলে এবং যারা যানবাহন চালাচ্ছেন তারা শৃঙ্খলার সাথে চলাচলে করলে অনেকাংশে যানজট নিরসন হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সড়ক ও ড্রেন নির্মাণকাজ চলাকালীন সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্ত করা, বড় ট্রাকের পণ্য ওঠানামার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং স্বেচ্ছাসেবক বা আনসার সদস্য মোতায়েন করা হলে খোকসা বাজার ও বাসস্ট্যান্ড এলাকার দীর্ঘস্থায়ী যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।









