কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জুড়ে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি

বিশেষ প্রতিনিধি ॥ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে কুষ্টিয়াজুড়ে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ‘সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়া’। জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনের পঞ্চম ও ষষ্ঠ দিনে বুধবার জেলার মঙ্গলবাড়িয়া গড়াই নদীর বাঁধ, কবুরহাট বাজার, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড, কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল, খোকসা, মিরপুর ও কুমারখালীসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও আক্রান্ত হলে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং জীবাণুনাশক স্প্রে করা হয়।

 

‘সচেতনতাই হতে পারে ডেঙ্গু প্রতিরোধের অন্যতম হাতিয়ার’, ‘সচেতন হই, ডেঙ্গুমুক্ত সমাজ গড়ি’ এবং ‘সবাই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত কর্মসূচিতে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বাড়ি বাড়ি, দোকানপাট, বাজার ও জনসমাগমস্থলে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

জোটের উদ্যোগে মঙ্গলবাড়িয়া গড়াই নদীর বাঁধ এলাকায় বীর মুক্তিযোদ্ধা সাঁতারু কানাই লাল স্মৃতি সংসন পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব কাজল শর্মার পরিচালনায় এবং উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এলাকার বসতবাড়ি, দোকানপাট ও পথচারীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক তথ্যসম্বলিত লিফলেট পৌঁছে দেওয়া হয়।

 

এ কর্মসূচিতে সহযোগিতা করেন উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সংগঠক জাবের মাহমুদ এবং বিশিষ্ট সমাজসেবক ও সাঁতারু কানাই লাল স্মৃতি পাঠাগারের কার্যকরী কমিটির সদস্য মুহাঃ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাঁতারু কানাই লাল স্মৃতি পাঠাগারের সদস্য মুহাঃ মেহরাব মাহিন, মোঃ আব্দুল আলিফ, সৌরভ বিশ্বাস, দীপ্ত বিশ্বাস, অয়ন সাহা, রোহিত সাহা প্রমুখ।

 

লিফলেট বিতরণের পাশাপাশি এলাকাবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা, আশপাশের নালা-নর্দমা ও ময়লা-আবর্জনাযুক্ত স্থান নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে কোথাও যেন পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

 

অন্যদিকে, কবুরহাট বাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ প্রদান করেন সামাজিক সংগঠন ‘সুপ্তহাসি’-এর সংগঠক মোঃ রিদুল আহম্মেদ এবং সদস্য মোঃ মেহেদী, মোঃ রোনক ইসলাম, মোঃ রুবেল মন্ডল, মোঃ কুশোল খন্দকার, মোঃ তৌকির ইসলাম, মোঃ রাসেল ইসলাম, মোঃ মুজাহিদ ইসলাম প্রমুখ।

 

তাঁরা বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে এবং ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ‘স্বপ্ন প্রয়াস’-এর পরিচালনায় জীবাণুনাশক স্প্রে করা হয়।

 

অপরদিকে, ‘নেক্সট জেনারেশন ইয়ুথ অ্যালায়েন্স’-এর পরিচালনায় কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এসব কার্যক্রমের পাশাপাশি লিফলেট বিতরণ করে হাসপাতালসংলগ্ন পরিবেশ ও ঘরবাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখা এবং মশার সম্ভাব্য উৎপত্তিস্থল চিহ্নিত করে তা ধ্বংস করার বিষয়ে সচেতন করা হয়।

 

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার উদ্যোগে মিরপুর আদর্শপাড়ার ক্বারী মাওলানা নাজিম উদ্দীন মডেল মাদরাসা ও এতিমখানায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি কুমারখালী এবং কুষ্টিয়ার ইবি থানাধীন হরিনারায়ণপুর বাজারেও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম আকাশ, মোঃ পলাশ উদ্দিন ও মোঃ রাতুল হোসেন। তাঁরা সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা ও করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখেন।

 

কুষ্টিয়ার খোকসা উপজেলার সমষপুর বাজারসংলগ্ন এলাকা ও কলোনির বিভিন্ন বাড়িতে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ‘আলোর দিশা যুব সংঘ ফাউন্ডেশন’ (সভাপতি: কবির ও সদস্যবৃন্দ), সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেরা’ (প্রতিষ্ঠাতা ও পরিচালক অসীম কুমার সরকার এবং সদস্য বিশু সরকার, উত্তম সরকার, সজীব সরকার, গৌতম সরকার ও অন্যান্য সদস্যবৃন্দ) এবং ‘নবজাগরণ’ (সভাপতি: শাহাবুদ্দিন ও সদস্যবৃন্দ)।

 

সংগঠনগুলোর প্রতিনিধিরা বাজার ও কলোনির বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। এ সময় বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, পানি জমতে পারে এমন পাত্র পরিষ্কার রাখা, নিয়মিত মশারি ব্যবহার এবং জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

 

উল্লেখ্য, কুষ্টিয়ার ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত গড়াই নদীর বাঁধ এলাকায় জনসচেতনতা বৃদ্ধির বিশেষ লক্ষ্য নিয়ে সম্মিলিত সামাজিক জোটের নেতৃত্বে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জোটের আহ্বায়ক, লেখক ও গবেষক এবং দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক-প্রকাশক ড. আমানুর আমান।

 

কর্মসূচির ধারাবাহিকতায় আগামী রবিবার থেকে কুষ্টিয়া শহরব্যাপী মাইকিং এবং উপজেলা পর্যায়ে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ।

 

জোটের নেতৃবৃন্দের প্রত্যাশা, এ ধরনের সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে এবং পরিচ্ছন্ন ও মশকনিয়ন্ত্রণবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণের অংশগ্রহণ জোরদার হবে।

ডেঙ্গু প্রতিরোধ কেবল কোনো একটি সংগঠন বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। তাই নিজ নিজ বাড়ি, আঙিনা, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়া।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর