কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যুবকরাই দেশের ভবিষ্যৎ সম্পদ : মেহেদী রুমি

সবুজ আলী, খোকসা ॥ “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

 

গতকাল রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় খোকসা উপজেলা পরিষদ অডিটরিয়াম উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে যুব সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং যুবকদের মাঝে ক্ষুদ্রঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আওয়াল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীরা।

 

অনুষ্ঠানে গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন ট্রেডে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের মাঝে মোট ৬ লাখ ৫০ হাজার টাকার ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়। ঋণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শিমুলিয়া গ্রামের হামিদা খাতুন, নিশ্চিন্তবাড়িয়া গ্রামের রুনা খাতুন এবং গোপন গ্রামের লিপি খাতুনসহ আরও তিনজন। এছাড়া পোশাক তৈরির প্রশিক্ষণ সম্পন্নকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে মেহেদী আহমেদ রুমি বলেন, দেশের বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকারি প্রশিক্ষণের সুযোগ আরও বাড়াতে হবে। যুবসমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে। যুবকরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা দিতে পারলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

 

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বেকার যুবক-যুবতীদের জন্য আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সরকারি প্রশিক্ষণ ও ঋণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে যুবসমাজকে দেশের বোঝা নয়, বরং সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কাশেম।

 

যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর