ইবি প্রতিনিধি ॥ ১৯তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অংশ নিতে যাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শতাধিক শিক্ষার্থীর যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিসের ব্যবস্থা করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
গতকাল ২৫ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বরাবর দেওয়া এক লিখিত আবেদনে এ দাবি জানানো হয়।
আবেদনে পরিবহন প্রশাসকের মাধ্যমে পরীক্ষার দিন প্রয়োজনীয়সংখ্যক বাসের ব্যবস্থা করে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে স্বাক্ষর করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও সদস্যসচিব রাফিজ আহমেদ।
আবেদনে বলা হয়, আগামী ৩১ অক্টোবর ১৯তম বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। বিচার বিভাগে মেধাবী ও যোগ্য বিচারক তৈরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এর ধারাবাহিকতায় ১৮তম বিজেএস পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের আইন-সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে ১৯ জন শিক্ষার্থী সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
আবেদনে আরও বলা হয়, বিপুলসংখ্যক শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের জন্য পর্যাপ্ত পরিবহন নিশ্চিত করা জরুরি। ব্যক্তিগত উদ্যোগে যাতায়াত করতে গেলে তাঁদের অতিরিক্ত ব্যয়, যানজট এবং সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়তে হতে পারে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবহন সহায়তা দেওয়া হলে শিক্ষার্থীদের আর্থিক চাপ কমার পাশাপাশি নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, ‘৩১ অক্টোবর ওয়ার্কিং ডে হওয়ায় ওই দিন বাস সার্ভিস দেওয়ার তেমন কোনো সুযোগ নেই। তবে স্মারকলিপি উপাচার্য স্যার বরাবর দেওয়া হয়েছে। তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’









