মিরপুর প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছয় ইউনিয়নে একক প্রার্থী বাছাই নিয়ে বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কুর্শা, আমবাড়ীয়া, মালিহাদ, সদরপুর, আমলা ও ছাতিয়ান ইউনিয়নের বিএনপি নেতারা অংশ নেন। সভায় প্রতিটি ইউনিয়নে জনপ্রিয়, যোগ্য ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একজন প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সভা সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির নেতারা স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করবেন।
ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নিয়ে সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হবে। পরে ওই তালিকা উপজেলা ও দলের সিনিয়র নেতাদের কাছে দেওয়া হবে। যাচাই-বাছাই শেষে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে। মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে দলের ভেতরের বিভেদ দূরে রেখে সবার সঙ্গে আলোচনা করেই প্রার্থী বাছাই করতে চাই।
প্রতিটি ইউনিয়নে এমন একজনকে প্রার্থী করা হবে, যিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য।” তিনি আরও বলেন, “ওয়ার্ড পর্যায় থেকে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। পরে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে দলীয়ভাবে যাচাই-বাছাই করা হবে। শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” সভায় ছয় ইউনিয়নের বিএনপি নেতারা প্রার্থী বাছাইয়ের এ প্রক্রিয়ার প্রতি সমর্থন জানান বলে সভা সূত্রে জানা গেছে।









