কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় পাতেলডাঙ্গী যুব সংঘের ফুটবল ফাইনাল

সবুজ আলী, খোকসা ॥ ‘নেশা নয়, খেলা চাই’—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় অনুষ্ঠিত হয়েছে পাতেলডাঙ্গী যুব সংঘের আয়োজনে মিনি বার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারে হাসিমপুর দুধরাজপুর ইয়াংস্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চকহরিপুর ইয়াংস্টার ক্লাব।

 

গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে খোকসা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাতেলডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এ খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলা উপভোগ করতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 

ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন খোকসা পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ নাহিদুজ্জামান নাহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলা সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ সময় তিনি টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের শুভকামনা জানান।

 

তিনি আরও বলেন, মেয়র নির্বাচিত হলে পৌর এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নমূলক নানা উদ্যোগ গ্রহণ করবেন। একই সঙ্গে বেকারদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতিও দেন তিনি।

 

আয়োজক পাতেলডাঙ্গী যুব সংঘের হাবিব বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সফলভাবে ফাইনাল খেলা সম্পন্ন করতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির সহধর্মিণী অ্যাডভোকেট সুরাইয়া নাসরিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে ছিল খেলোয়াড় ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনা। আতশবাজি ও বর্ণিল সাজসজ্জায় মাঠের পরিবেশ হয়ে ওঠে আরও প্রাণবন্ত। স্থানীয় ফুটবলপ্রেমীরা এ ধরনের আয়োজন প্রতিবছর চালু রাখার আহ্বান জানান। পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর