কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কোর্ট স্টেশনের পাশাপাশি বড় স্টেশনও আধুনিকায়নের রেলসচিবের আশ্বাস 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া বড় স্টেশন ও কোর্ট স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্টেশন দুটি পরিদর্শন করেন তিনি। এ সময় স্টেশনগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে যাত্রীসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রেলসচিব।

 

পরিদর্শনকালে ফাহিমুল ইসলাম বলেন, স্টেশন দুটির সার্বিক অবস্থা সরেজমিনে দেখা হয়েছে। বিদ্যমান সমস্যা ও যাত্রীসেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পর্যায়ক্রমে যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় উন্নয়ন করা হবে। এ জন্য সংশ্লিষ্ট রেল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রেলওয়ের অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে চলমান কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এদিকে কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদের পক্ষ থেকে স্টেশন দুটি আধুনিকায়ন ও রিমডেলিংয়ের দাবি জানানো হয়েছে। সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘদিন ধরে স্টেশন দুটি উন্নয়নবঞ্চিত। যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং সেবার মান বাড়াতে স্টেশন দুটিকে আধুনিক ও যাত্রীবান্ধব করে গড়ে তোলা জরুরি।

 

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “কুষ্টিয়া বড় স্টেশন ও কোর্ট স্টেশন এ অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে স্টেশন দুটি কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। ফলে যাত্রীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। যাত্রীদের দুর্ভোগ কমাতে স্টেশন দুটি আধুনিকায়ন ও রিমডেলিং করা জরুরি। স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ যাতায়াত এবং প্রয়োজনীয় যাত্রীসুবিধা নিশ্চিত করতে হবে। রেলসচিব সরেজমিনে স্টেশন দুটি পরিদর্শন করেছেন। আমরা আশা করি, স্টেশন দুটিকে আধুনিক ও যাত্রীবান্ধব করে গড়ে তোলা হবে।

 

পরিদর্শনকালে রেলসচিব স্টেশন দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পাকশী বিভাগীয় রেল কর্মকর্তাদের নির্দেশনা দেন।

 

কুষ্টিয়ার রেলযাত্রীদের প্রত্যাশা, স্টেশন দুটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলে যাত্রীসেবার মান বাড়বে। পাশাপাশি রেলপথে যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, পাকশীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম, বিভাগীয় প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশাররফ হোসেন ভুঁইয়া, কুষ্টিয়া স্টেশনের স্টেশন মাস্টার ইমদাদ হোসেন, কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদের উপদেষ্টা মাহফুজ জামান তিতাস ও সভাপতি আশরাফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর