কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, উৎসবে মাতলো হাজারো মানুষ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গ্রাম বাংলার হারানো ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বাইচ দেখতে বিলের পাড় ও গ্রামীণ সড়কজুড়ে ভিড় করেন হাজারো মানুষ।

 

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বজরুখ বাখয় বিলে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

 

প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ খেলার আয়োজন করে বজরুখ বাখয় ও দুর্গাপুর গ্রামবাসী। আয়োজকরা জানান, হারানো ঐতিহ্যকে টিকিয়ে রাখা, মানুষকে সুস্থ বিনোদন দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গড়াই তাদের মূল উদ্দেশ্য।

 

সকাল থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন বিলপাড়ে। রঙ-বেরঙের ডিঙি নৌকা, গায়ে রঙিন গামছা বাঁধা মাঝিরা বাঁশির তালে তালে সমান তালে দাঁড় টানেন। আর পাড়ে দাঁড়িয়ে দর্শকদের করতালি আর ‘হেইও’ ধ্বনি। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল, ফিরে এসেছে গ্রাম বাংলার সেই সোনালি দিনগুলো।

 

নৌকা বাইচ দেখতে আসা দর্শনার্থী আব্দুল কাদের বলেন, ‘আমরা ছোটবেলায় এই বিলেই বাইচ খেলেছি। মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল। আবার শুরু হওয়ায় পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। আমরা চাই প্রতি বছর যেন এমন আয়োজন হয়।’

 

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘নদী-বিল ভরাট আর বিনোদনের মাধ্যম বদলে যাওয়ায় একসময় হারিয়ে যেতে বসেছিল নৌকা বাইচ। কিন্তু মানুষের ভালোবাসা আর উদ্যোগ থাকলে ঐতিহ্য কখনো হারায় না।’

 

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু। তিনি বলেন, ‘আমাদের ছেলেরা যেন খেলাধুলা আর সংস্কৃতির মধ্যে থাকে, মাদকের দিকে না যায়। সে জন্যই এই বাইচ। অন্তত ৫ হাজার মানুষের সমাগম হয়েছে। মানুষের সাড়া দেখে আমরা অনুপ্রাণিত। সামনে আরও বড় করে করার ইচ্ছা আছে।’

 

আয়োজক কমিটির সদস্য বিপুল হোসেন বলেন, ‘একটি বাইচ শুধু খেলা নয়। এটি গ্রাম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য আর মানুষের মিলনমেলা। এমন উদ্যোগ সব জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর