কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জীবনমান উন্নয়নই হোক উন্নয়নের মাপকাঠি: স্থানীয় সরকার উপসচিব আহমেদ মাহবুব-উল-ইসলাম

রঞ্জুউর রহমান ॥ “শুধু উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদনের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নও নিশ্চিত করতে হবে”—এমন মন্তব্য করেছেন কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।

 

বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন”।

 

গতকাল সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয়।

 

র‌্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও অন্যান্যরা অংশ নেন।

 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মহসীন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, “আমরা আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের কথা বলি। কিন্তু গত বছরের তুলনায় এ বছর আমাদের জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে এবং আমাদের সক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছে, সেটি মূল্যায়ন করা জরুরি।”

 

তিনি বলেন, মানুষের জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হয় বিভিন্ন সম্পদের ওপর ভিত্তি করে। সময়, শ্রম, বিনিয়োগ ও মানবসম্পদ—সবই গুরুত্বপূর্ণ সম্পদ। এসব সম্পদের সঠিক সমন্বয় ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কীভাবে সর্বোচ্চ উৎপাদনশীলতা অর্জন করা যায়, সে বিষয়ে কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, “তবে শুধু উৎপাদন বাড়ালেই হবে না। উৎপাদিত পণ্য ও সেবা মানসম্মত, নিরাপদ ও জনবান্ধব কি না, সেদিকেও আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। কারণ প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নত হয়।”

 

স্থানীয় সরকারের উপপরিচালক আরও বলেন, কুষ্টিয়া জেলায় নারীর ক্ষমতায়ন আরও বাড়াতে হবে। নারীরা যাতে শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্ত গ্রহণে আরও বেশি ভূমিকা রাখতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সুযোগ ও সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে।

 

তিনি বলেন, “নারীকে এগিয়ে নেওয়া মানেই সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নেওয়া।”

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর