দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯৬৯টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৮ বোতল মদ এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১২টা দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ খেয়াঘাটে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯টি ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া গতকাল শুক্রবার (২ অক্টোবর) ভোরে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচরে অভিযান চালিয়ে ৯৬০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজারটি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৬ হাজার ৯৭৫ টাকা।
অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়ায় বিজিবির আরেকটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় মদ জব্দ করে। এর আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।









