কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদী গ্রামে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, পল্লী চিকিৎসক সরোয়ার হোসেন, আব্দুল করিম দাখিল মাদ্রাসার সুপার জায়েদ, বানিয়াপাড়া বায়তুল আমান জামে মসজিদের ইমাম আমিরুল ইসলাম, বাড়াদী ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, স্কুলছাত্রী নিলিমা খাতুন ও হোসেনের স্ত্রী শিউলি খাতুনসহ স্থানীয়রা।
বক্তারা অভিযোগ করেন, বাড়াদী গ্রামের কেরাম মণ্ডলের ছেলে মাসুদ ও একই গ্রামের মোকা মণ্ডলের ছেলে মাহাবুল ইসলাম ডাগু দীর্ঘদিন ধরে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে বিভিন্ন খুচরা বিক্রেতা মাদক সংগ্রহ করে এলাকার তরুণ ও যুবকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, মাদকের বিস্তারের ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। একই সঙ্গে চুরি, সন্ত্রাস ও সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেওয়াকে কেন্দ্র করে চলতি মাসের ১১ তারিখে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনায় মাদক বিক্রির সঙ্গে জড়িত কথিত দুই ডিলারসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কুমারখালী থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে দাবি করেন তারা। এছাড়া বাড়াদী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রাসেল (আমলাপাড়া), ক্ষুদ্র ব্যবসায়ী আনারুল (বড়বাজার) ও রড ব্যবসায়ী মনিরুল (মজমপুর)-এর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে কথিত মাদক কারবারিদের পৃষ্ঠপোষকরা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন এবং মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন বলেও অভিযোগ করেন বক্তারা। মানববন্ধন থেকে মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।









