কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দীর্ঘ চার মাস পর কুষ্টিয়ার আলোচিত নিখোঁজ তিনজন উদ্ধার

বিশেষ প্রতিনিধি ॥ দীর্ঘ প্রায় চার মাস পর কুষ্টিয়ার আলোচিত নিখোঁজ তিনজনকে নরসিংদী থেকে উদ্ধার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। ডিজিটাল প্রযুক্তির সহায়তা, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ধারাবাহিক তদন্তের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে শনিবার (১৩ জুন) বিকেলে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ইউনিয়নের গোপালপুর এলাকার বাসিন্দা আব্দুল ওহাব মোল্যা (৫৯), তার মেয়ে নুসরাত জিহান (১৯) এবং একই ইউনিয়নের কমলাপুর এলাকার রুকাইয়া রহমান তৃষা (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা সাড়ে ১১টার দিকে তারা রহস্যজনকভাবে নিখোঁজ হন।

এ ঘটনায় তাদের স্বজনরা কুষ্টিয়া মডেল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর যথাক্রমে ৫৫৯, ৫৬০ ও ৬০৩, যা ৯ ফেব্রুয়ারি থানায় লিপিবদ্ধ হয়। নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তদন্ত শুরু করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ ইউনুস আলী গাজী ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সম্ভাব্য অবস্থান শনাক্তে কাজ শুরু করেন। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

পরে নরসিংদী মডেল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমানের সার্বিক সহযোগিতা এবং স্থানীয় এক ব্যবসায়ীর তথ্যের ভিত্তিতে নরসিংদী শহরের সন্নিকটে ভরতের কান্দি গ্রামের মোঃ কেসমত আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গত ১৩ জুন ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে নিখোঁজ তিনজনকে শনাক্তপূর্বক উদ্ধার করেন তদন্ত কর্মকর্তা এসআই ইউনুস আলী গাজী। পুলিশের প্রাথমিক তদন্ত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মানসিক বিষণ্নতার কারণে তারা স্বেচ্ছায় বাড়ি ত্যাগ করেছিলেন।

বাড়ি ছাড়ার পর প্রথমে তারা সিলেটের বিভিন্ন মাজার জিয়ারত করেন এবং সেখানে একদিন অবস্থান করেন। পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি থেকে নরসিংদী শহরের সন্নিকটে ঘোড়াদিয়া এলাকার শিবপুর উপজেলার ভরতের কান্দি গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর নিখোঁজদের সন্ধান মেলায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর