দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ স্বপন (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার স্বপন এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেরও একাধিক মাদক মামলা রয়েছে। সোমবার রাত ৯টার দিকে দৌলতপুর উপজেলার ধর্মদহ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার স্বপন ধর্মদহ বাজার এলাকার মৃত রফিজ উদ্দিন কারিগরের ছেলে।
ডিবি পুলিশ জানায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধর্মদহ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্বপনকে গ্রেপ্তার করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্বপন দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার এসআই ওবায়দুর রহমান (নি.)।









