কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাংবাদিকরা প্রশাসনের প্রতিপক্ষ নন-গুরুত্বপূর্ণ অংশীদার: ডিসি তৌহিদ বিন-হাসান

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেছেন- সাংবাদিকরা প্রশাসনের প্রতিপক্ষ নন, তারা আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। জনস্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। “ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন-হাসান বলেন, সাংবাদিকরা প্রশাসনের কাছে কোনো অনিয়ম, অসঙ্গতি বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরলে প্রশাসন সেটিকে নিজেদের কাজের একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে দেখে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ থাকলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা আরও সহজ হয়। তিনি বলেন, আমরা কখনোই সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করি না। বরং আপনারা প্রশাসনের অংশীদার। জনস্বার্থে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যম যদি অংশীদারিত্বের মনোভাব নিয়ে কাজ করে, তাহলে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।

একই সঙ্গে ডিজিটাল মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া অপতথ্য প্রতিরোধে নির্ভরযোগ্য ও যাচাই করা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন। আলোচনা সভায় তথ্য অধিকার আইন বাস্তবায়ন, নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার, সরকারি দপ্তরের তথ্য প্রকাশের দায়িত্ব এবং ডিজিটাল মাধ্যমে অপতথ্য মোকাবিলায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্যের সঠিকতা যাচাই ও দায়িত্বশীলভাবে তা উপস্থাপন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মিজানুর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম এবং জেলা সেক্টর কমান্ডার রফিকুল আলম টুকু।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় জনসাধারণের তথ্য পাওয়ার অধিকার প্রতিষ্ঠা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্যের অবাধ প্রবাহের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভাটি সহযোগিতা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-সনাক, কুষ্টিয়া।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর