সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার ১২ আউলিয়া হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় আলমগীর (২৭) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের খরখরিয়া গ্রামের সাবু মিয়ার ছেলে। সহযাত্রী মিলন হোসেন জানান, তারা দুটি নছিমনে পেঁয়াজ নিয়ে মাছপাড়া (পাংশা) থেকে তারাগুনিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথে হালকা বৃষ্টি শুরু হলে ১২ আউলিয়া হোটেলের সামনে গাড়ি থামিয়ে মালামালের পলিথিন ঠিক করার সময় পেছন দিক থেকে আসা একটি নীল রঙের ট্রাক আলমগীরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। খোকসা থানার এসআই মশিউল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। হাইওয়ে পুলিশের কাছে পরবর্তী আইনগত কার্যক্রম হস্তান্তর করা হবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, দুর্ঘটনার পর তাদের সদস্যরা মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের জন্য সংরক্ষণ করেন।









