কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা প্রতিনিধি ॥ জলবায়ু পরিবর্তন মোকাবিলায়  বাংলাদেশ সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে  দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব ও ঝুঁকি মোকাবিলার মহাপরিকল্পনা নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান। গতকাল শনিবার (১৩ জুন) সকালে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে  উৎসবমুখর পরিবেশে  বৃক্ষরোপণ কর্মসূচি”-এর  উদ্বোধন অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন এবং  বন বিভাগ,   যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সবুজ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান।অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, পৌর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, পৌর জামায়াতের আমির হাবিবুর রহমান,সাবেক বিএনপির ছাত্রনেতা আব্দুল হাই আল হাদি সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবেশকর্মী ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ‎

উদ্বোধনী  অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত  বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং অনাবৃষ্টির যে সংকট তৈরি হচ্ছে, তা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো ব্যাপক হারে বৃক্ষরোপণ। বাংলাদেশ সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর এই বিশাল লক্ষ্যমাত্রা দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। ভেড়ামারা উপজেলার প্রতিটি খালি জায়গা, রাস্তার পাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির আওতায় চারা রোপণ করা হবে। বক্তারা সাধারণ জনগণকে কেবল গাছ লাগানোই নয়, বরং তা রক্ষণাবেক্ষণের জন্যও এগিয়ে আসার আহ্বান জানান।আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি ফলদ ও একটি বনজ চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে উপস্থিত সুধীজন ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।