কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আসামিদের জামিনের প্রতিবাদে আদালত ঘেরাও

বিশেষ প্রতিনিধি ॥ সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিনের প্রতিবাদে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার সাংবাদিকরা। এ সময় হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান সাংবাদিক নেতারা। গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। আদালত প্রাঙ্গণে প্রবেশের সময় পুলিশ বাধা দিলে সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরে বাধা উপেক্ষা করে সাংবাদিকরা আদালত প্রাঙ্গণে প্রবেশ করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিনের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনার দাবি তোলেন তারা। সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবিও জানান সাংবাদিক নেতারা।

কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর বলেন, ‘সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস হামলার শিকার হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। অথচ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর পর জামিন দেওয়া হয়েছে। এতে সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘অতীতের মতো সাংবাদিকদের ওপর হামলা করে পার পেয়ে যাওয়ার সুযোগ আর নেই। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’ সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে আদালত প্রাঙ্গণে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিক হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অথচ ওই ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর পর জামিন দেওয়া হয়েছে। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, ‘সাংবাদিকরা কথা বললেই আদালত অবমাননার কথা বলা হয়। তবে আদালতের কোনো সিদ্ধান্ত নিয়ে আইনগত ও দায়িত্বশীলভাবে প্রশ্ন তোলার সুযোগ থাকা উচিত।’ তিনি সংশ্লিষ্ট বিচারককে দ্রুত কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

সমাবেশে আরও বক্তব্য দেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সহসভাপতি লুৎফর রহমান কুমার, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকরসহ সাংবাদিক নেতারা। এ সময় জেলার বিভিন্ন উপজেলা এবং প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও সংসদ সদস্যের দেহরক্ষী পরিচয়দানকারী রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কুমারখালীর চড়াইকোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এর আগে শনিবার গভীর রাতে নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী এলাকা থেকে মামলার এজাহারভুক্ত দুই আসামি আমিরুল ইসলাম ও মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া কালীবাড়ী মোড় এলাকায় সড়ক নির্মাণকাজে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বাংলা টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস। এ ঘটনায় ওই দিন বিকেলে সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছেলে মো. শোভন হোসেন, ভাই মো. আনোয়ার হোসেন এবং দেহরক্ষী পরিচয়দানকারী রুহুল আমিনসহ অন্যদের নাম রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর