কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

প্রতিটি গাছ পরিবেশ রক্ষার একটি প্রতীক হয়ে থাকবে: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার হরিনারায়ণপুরে দোয়ারকা দাস আগরওয়াল মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলেজের হলরুমে কর্মসূচি উপলক্ষে শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উক্ত কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম।

এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান। এ কর্মসূচিতে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হয়।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের নানা সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়া যায়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক শিক্ষা পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতেও সহায়তা করে। তিনি আরো বলেন, বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, মাটির ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও আমাদের দায়িত্ব। এই প্রতিটি গাছ শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে পরিবেশ রক্ষার একটি প্রতীক হয়ে থাকবে। কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ ও মতবিনিময়কে ঘিরে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর