দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় নিজ গ্রামে সমাহিত করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা ফজলুল হককে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন সংগীতশিল্পী সালমার বাবা ফজলুল হক।
গত সপ্তাহে অসুস্থ বোধ করলে তাকে ঢাকায় নেয়া হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলুল হক। ঢাকায় প্রাথমিক প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়িতে। সেখানে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমা তার বাবার মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, “আমার আব্বা আর নেই।”
খবরটি প্রকাশ্যে আসার পর সংগীতাঙ্গনসহ তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নামে। সহকর্মী ও ভক্তরা মন্তব্যের ঘরে গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। গায়িকা সালমা সংগীতাঙ্গনে বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি বিপ্লব সাহার সঙ্গে দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘প্রেম লীলা’ গান। লোকজ ঐতিহ্য ও প্রেমের আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিওটি ইউটিউবে মুক্তি পেয়েছে।









