দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল বুধবার কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর মণ্ডলপাড়া মাঠ নামক স্থানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর একটি চৌকস টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩৮ হাজার ৮০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।
উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান, অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন।









