কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে কুড়ালের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বাড়িতে একা থাকা এক গৃহবধূকে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. মজিবুল হককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মজিবুল হক মিরপুর উপজেলার পশ্চিম চুনিয়া পাড়া এলাকার মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী স্থানীয় একটি বাজারে মুদি ও খাবারের দোকান পরিচালনা করেন। স্বামী দোকানে অবস্থান করায় দিনের বেশিরভাগ সময় ওই গৃহবধূ বাড়িতে একাই থাকেন। অভিযোগ অনুযায়ী, গত ২৭ আগস্ট রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে মজিবুল হক ভুক্তভোগীর বাড়ির পেছনের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন।

এ সময় তার হাতে একটি লোহার তৈরি চাইনিজ কুড়াল ছিল। ওই কুড়াল দেখিয়ে ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে গৃহবধূকে রান্নাঘরের মেঝেতে ফেলে ধর্ষণের চেষ্টা করেন মজিবুল হক। তবে ভুক্তভোগী নারী চিৎকার ও প্রতিরোধ গড়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হন। অভিযুক্ত মজিবুল হক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ভুক্তভোগীর পক্ষ থেকে মিরপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযানে নামে।

মামলার মাত্র আট ঘণ্টার মধ্যে শুক্রবার দিবাগত (২৯ আগস্ট) ভোরে কুষ্টিয়া সদর থানাধীন জুগিয়া কবরস্থান এলাকা থেকে অভিযুক্ত মজিবুল হককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মজিবুল হকের দেওয়া তথ্য ও দেখানো মতে একই দিন দুপুরে মিরপুর থানাধীন পশ্চিম চুনিয়া পাড়া এলাকায় একটি বাড়ির পেছনে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় একটি লোহার তৈরি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেছেন, “অভিযোগ দায়েরের আট ঘণ্টার মধ্যে আমরা আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভিকটিমকে ভয় দেখানোর জন্য ব্যবহৃত চাইনিজ কুড়ালটি আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।” তিনি জানান, মিরপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামিকে উদ্ধার করা আলামতসহ আদালতে পাঠানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর