কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

মিজানুর রহমান নয়ন, কুমারখালী ॥ গ্রাম বাংলার হারানো ঐতিহ্য আবারও প্রাণ ফিরে পেল কুষ্টিয়ার কুমারখালীতে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াকোল এলাকার বহলার বিলে অনুষ্ঠিত হলো জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা।

খেলা দেখতে সকাল থেকেই বিলের পাড়ে উপচেপড়া ভিড়। দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শনার্থী ও নৌকার মাঝিরা মিলে যেন মিলনমেলায় পরিণত হয়েছিল বহলার বিল। হারানো ঐতিহ্যকে টিকিয়ে রাখতে, মানুষকে বিনোদন দিতে এবং বর্তমান সরকারের সুশাসন ও উন্নয়ন উদযাপনের লক্ষ্যে স্থানীয়দের উদ্যোগে এই আয়োজন।

আয়োজকরা জানান, মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতেই প্রায় ৩০ বছর ধরে তারা এই আয়োজন করে আসছেন।  অন্তর বিশ্বাস নামের দর্শনার্থী বলেন,অনেক বছর পর এমন বাইচ দেখলাম।

ছোটবেলার কথা মনে পড়ে গেল। খুব ভালো লাগছে। আরেকজন মো. আলাউদ্দিন বলেন,ফেসবুকে দেখে পরিবার নিয়ে এসেছি। এত মানুষ আর এত আনন্দ একসাথে দেখে মন ভরে গেছে। সরকার যদি এ ধরনের খেলায় সহযোগিতা করে তাহলে আমাদের ঐতিহ্য আরও টিকে থাকবে।” বিকেল গড়াতেই বিলের পানিতে নামে রঙ-বেরঙের পাল তোলা নৌকা। ঢোল-কাঁসরের তালে তালে মাঝিদের দাঁড়ের ছপছপ শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

প্রতিটি নৌকা যখন সামনে এগিয়ে যায় তখন দর্শকদের হাততালি আর উল্লাসে কেঁপে ওঠে বিলের পাড়। খেলোয়ার আশরাফুল বলেন,অনেক কষ্ট করে অনুশীলন করেছি। মানুষের এত ভালোবাসা পেয়ে কষ্ট সার্থক মনে হচ্ছে। আমরা চাই প্রতি বছর যেন এমন আয়োজন হয়। তরুণরা খেলাধূলায় ফিরে আসুক। আয়োজক ওয়াশিক আকরাম প্রামাণিক বলেন, “৩০ বছর ধরে আমরা এই ঐতিহ্য ধরে রেখেছি। এবার মানুষের সাড়া দেখে আমরা অনুপ্রাণিত।

ভবিষ্যতে আরও বড় করে করার ইচ্ছা আছে।” উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক  আতিকুর রহমান সবুজ বলেন,মাদক ছেড়ে তরুণরা যেন খেলার দিকে আসে সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে আরও ভালো করা সম্ভব। দর্শকদের মতে, সরকারি বা বেসরকারি উদ্যোগের মাধ্যমে সহযোগিতা পেলে নৌকা বাইচ, হাডুডু, লাঠি খেলার মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো আবারও প্রাণ ফিরে পাবে।

খেলাধূলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব বলেও মনে করেন তারা। এক সময়ের জনপ্রিয় এই নৌকা বাইচ হারিয়ে যেতে বসেছিল। স্থানীয়দের এমন উদ্যোগে তা আবার নতুন করে জেগে উঠলো। বহলার বিলের সেই উৎসব প্রমাণ করলো, ঐতিহ্য হারিয়ে যায় না, শুধু একটু যত্নের অপেক্ষায় থাকে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর