কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

‘তৌহিদী জনতা’র নামে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুষ্টিয়ার ভেড়ামারায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ‘তৌহিদী জনতা’র নামে দেওয়া একটি উড়ো চিঠিতে লেখালেখি বন্ধ করার জন্য সতর্ক করা হয় অন্যথায় তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে এমন অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী সাংবাদিক হলেন মো. হাসান ইমাম ইবনে হাবীব ওরফে ‘হাসান ইমাম রুবেল’। এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক হাসান।

তিনি দৈনিক প্রথম আলো পত্রিকার সাবেক সিনিয়র রিপোর্টার ছিলেন। এছাড়া চ্যানেল২৪-এর আউটপুট এডিটর এবং নিউজবাংলার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে লেখালেখি করেন বলে জিডির আবেদনে উল্লেখ করেছেন।

জিডির আবেদনে হাসান ইমাম জানান, বুধবার ভোরে ভেড়ামারা থানাধীন হিড়িমদিয়া গ্রামের বাড়ির মূল ফটকের নিচ দিয়ে সাধারণ একটি খামে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি রেখে যাওয়া হয়। চিঠিতে তার ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস, মন্তব্য ও লেখালেখির প্রসঙ্গ উল্লেখ করে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসব লেখালেখি বন্ধ করার জন্য সতর্ক করা হয় অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

চিঠিতে তার ব্যক্তিগত পরিচয় ও বিভিন্ন বিষয়ে তথ্য থাকার দাবি করা হয়েছে। পাশাপাশি তার চলাফেরার ওপর নজর রাখা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। এসব বক্তব্যের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও উদ্বিগ্ন বলে জিডির আবেদনে উল্লেখ করেন হাসান ইমাম।

তবে চিঠিটি কে বা কারা দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীকে সরাসরি দায়ী না করে চিঠির উৎস এবং প্রেরক বা প্রেরকদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

সাংবাদিক হাসান ইমাম রুবেল বলেন, ‌পরিবার নিয়ে অনেক দিন পরে গ্রামের বাড়িতে এসেছি। আজ ভোরে বাড়ির মূল ফটকের নিচ দিয়ে সাধারণ একটি খামে ‘তৌহিদী জনতা’র নামে একটি চিঠি রেখে যাওয়া হয়। বিষয়টি প্রশাসনকে অবহিত করে একটি জিডি করেছি। হুমকির চিঠির প্রকৃত উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করার দাবি জানাচ্ছি।’

এ ঘটনায় ভেড়ামারা থানার পুলিশ সাংবাদিক হাসান ইমাম রুবেলের হিড়িমদিয়ার বাড়ি পরিদর্শন করেছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর