কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় লাল পতাকা পুতে প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা

‎ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার টিক্কি পাড়া, মুন্সি পাড়া এবং বারো মাইল এলাকার বালু মহালে লাল পতাকা পুঁতে সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ‎প্রশাসন সূত্রে জানা গেছে, বাহিরচর ইউনিয়নের উল্লেখিত এলাকার তড়িয়া মহালে সরকারি কোনো ইজারা দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে এখান থেকে বালু উত্তোলন ও লোড-আনলোড করে আসছিল। বিষয়টি নজরে আসলে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের নির্দেশনায় বুধবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরো এলাকায় মাইকিং করে বালু উত্তোলন বন্ধের মৌখিক নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের স্থানসমূহ চিহ্নিত করে লাল পতাকা পুঁতে দেওয়া হয়।

‎অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত এবং সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। ‎প্রশাসনের কর্মকর্তারা জানান, লাল পতাকা পুঁতে সীমানা চিহ্নিত করার পর এই এলাকায় যেকোনো ধরনের বালু লোড বা আনলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি পুনরায় বালু উত্তোলনের চেষ্টা করে বা লোড-আনলোড করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর