খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই জুলাই ২০২৬, ২:৫৬ এএম

বিশেষ প্রতিনিধি ॥ দেশের স্বাস্থ্য সেবায় নতুন যুগের দিগন্তের সূচনা হতে যাচ্ছে। কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি কর্তৃক দেশব্যাপী চালু হচ্ছে নিলুফা খানম এ্যানী ফ্রি মেবাইল হার্ট এন্ড হেলথ হাসপাতাল। এই মোবাইল হাসপাতালের সার্বিক পরিচালনায় থাকবে নিলুফার খানম এ্যানী ফাউন্ডেশন। এই মহতি উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতিও। গতকাল শুক্রবার (১০ জুলাই) ঢাকার মিরপুরস্থ বিআইএইচএস হাসপাতাল ক্যাম্পাসে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি কর্তৃক কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির কাছে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল স্বাস্থ্যসেবা বাস হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ডায়াবেটিস সমিতির সভাপতি মতিউর রহমান লালটুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট মাসুদ রানা, বিএনপি নেত্রী সালিমা তালুকদার আরনি, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক (জিডি) ডা. ফজলুর রহমান, এশিয়ান কম্পিউটিং কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি, জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি (অনলাইনে) যুক্ত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. নুরুন নাহার ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল খালেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ফায়েকুজামান ও এয়ার কমান্ডার (অব.) মঈন। এছাড়া অনুষ্ঠানে প্রয়াত নিলুফা খানম এ্যানীর দুই সন্তান লায়লা জাহান ও তানভীর রহমান এবং পুত্রবধূ নাঈমা তানভীর রহমান উপস্থিত ছিলেন। স্বাস্থ্যসেবা বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ. কে. আজাদ খান বলেন, ‘কুষ্টিয়া ডায়াবেটিস সমিতি যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি, যেহেতু নিলুফার খানম এ্যানী ব্যক্তির নামে এটা করা হয়েছে, তাই উদ্যোগটি বাস্তবায়ন হবে। এজন্য অনেক খরচ হয়েছে।
তবে এটা চালু রাখতে গিয়ে আরো অনেক বেশি খরচ হবে। আমি একটা কথাই বলব, পৃথিবীর স্বাস্থ্যসেবা যে লাইনে যাচ্ছে, সেই হিসেবে এটা পথিকৃৎ হয়ে থাকবে। এটি পথিকৃৎ হয়ে থাকারই কাজ। এখন স্বাস্থ্যসেবাটা অনলাইনে দেওয়া হবে। এই যে ভ্যান (বাস) ইন্টারনেট কানেকক্টেড থাকলে আরো সহজ হবে। রোগীর বাড়ির কাছে গিয়েও অভিজ্ঞ ডাক্তার রোগী দেখতে পারবেন।’ সবাইকে ধন্যবাদ জানিয়ে মতিউর রহমান লাল্টু বলেন, ‘আমাদের এই উদ্যোগের পেছনে সর্বোচ্চ সহযোগিতা করছে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি। আমি আশা করি, সব সময় এই সহযোগিতা তারা করে থাকে এবং ভবিষ্যতেও করবে।
সবার সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে চাই।’ মতিউর রহমান লাল্টুর প্রয়াত স্ত্রী নিলুফার খানম এ্যানির নামেই ফ্রি মোবাইল হার্ট অ্যান্ড হেলথ হাসপাতাল স্বাস্থ্যসেবা বাসের মাধ্যমে কুষ্টিয়াসহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসাসেবা প্রদান করবে। এই বাসের মাধ্যমে বিশেষ করে হৃদরোগ, কিডনি রোগ এবং অন্যান্য অসংক্রামক রোগের (ঘঈউং) প্রাথমিক স্ক্রিনিং, ইসিজি, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় রেফারেল এবং স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। শিগগির কুষ্টিয়া থেকে এই মোবাইল স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য