কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এটাই আমার দেবাশীষের শেষ সম্মানি: বাবা দিলীপ দত্ত

বিশেষ প্রতিনিধি ॥ ভারতের কলকাতায় অগ্নিকাণ্ডে মারা যাওয়া সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের পাশে দাঁড়িয়েছে তার কর্মস্থল আজকের পত্রিকা। রবিবার (২৩ আগস্ট) দুপুরে পত্রিকাটির ঢাকা কার্যালয়ের কর্মকর্তারা কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তারা দেবাশীষের পাওনা পরিশোধসহ তার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। দেবাশীষের বাবা দিলীপ দত্ত তার ছেলের পাওনা সম্মানির টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “এটাই আমার দেবাশীষের শেষ সম্মানি।”

ছেলেকে হারানোর বেদনায় ভারাক্রান্ত বাবার এই কথায় সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। সেখান থেকে পত্রিকার কর্মকর্তারা কুষ্টিয়া মহাশ্মশানে গিয়ে দেবাশীষ ও তার তিন বছর বয়সী ছেলে শ্বর্ণশিষ দত্তের সমাধিতে শ্রদ্ধা জানান। এরপর তারা কুষ্টিয়া পৌর কবরস্থানে গিয়ে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর কবর জিয়ারত করেন। এ সময় আজকের পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ময়নুল ইসলাম, এইচআর ও অ্যাডমিন বিভাগের কর্মকর্তা আফরোজা পারভীন, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি তামীম আদনানসহ চারজন উপস্থিত ছিলেন। পত্রিকার প্রধান বার্তা সম্পাদক ময়নুল ইসলাম দেবাশীষের কর্মজীবন ও সহকর্মী হিসেবে তার স্মৃতিচারণ করেন।

তিনি বলেন, “দেবাশীষ ছিলেন দায়িত্বশীল, আন্তরিক  একজন সাংবাদিক। তার এমন অকাল মৃত্যুতে আজকের পত্রিকা পরিবার গভীরভাবে শোকাহত। ” সাংবাদিক দেবাশীষের পরিবারের পাশে ভবিষ্যতেও থাকার এবং পরিবারের সার্বিক খোঁজখবর রাখার আশ্বাস দেন তিনি। গত মঙ্গলবার মধ্যরাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা, তিন বছর বয়সী ছেলে শর্ণশিষ ও শ্বশুর আকরাম আলী মারা যান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর