বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের জুগিয়া উত্তর পাড়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি এলাকাটি পরিদর্শন করেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। কুষ্টিয়া পৌর ১৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আল মামুন ইমতিয়াজ তারিক। গতকাল শনিবার (৬ জুন) দুপুরের দিকে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের এক্সেন সহ কুষ্টিয়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের জুগিয়া উত্তর পাড়ার জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও কালভার্ট নির্মাণের স্থান নির্ধারণ ও দ্রুত কাজ শুরুর সীদ্ধান্ত নেওয়া হয়।
পরিদর্শনকালে জলাবদ্ধতার কারণ, পানি নিষ্কাশনের বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ড্রেন ও কালভার্ট নির্মাণের উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়। এলাকায় স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানানো। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য প্রয়োজনীয় কারিগরি পরিকল্পনা ও সমন্বয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।
এ সময় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা সমস্যার কারণে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন এবং দ্রুত কাজ বাস্তবায়নের দাবি জানান। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আহ্বান জানান। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিএনপি সবসময় জনগণের ন্যায্য দাবি ও নাগরিক সুবিধা নিশ্চিত করার পক্ষে।
দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান দীন রাত পরিশ্রম করে চলেছেন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ায় উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, বর্ষা মৌসুমে জুগিয়া উত্তর পাড়ার বিভিন্ন সড়ক ও বসতবাড়ি জলাবদ্ধতার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
