কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স
প্রকাশ: ১২ই আগস্ট ২০২৬, ২:২ এএম

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য আরিফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাতিয়ান ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। স্থানীয় সূত্রের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের রাজনীতি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে আনুমানিক ৩টার দিকে ছাতিয়ান ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফুর রহমানকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। স্থানীয় সূত্রগুলো জানায়, গত বছরের ৫ আগস্টের আগে আরিফুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। সম্প্রতি কুষ্টিয়া-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুরের সঙ্গে একই মঞ্চে তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়।
এর আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার সময় দলটির স্থানীয় ও শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আরিফুর রহমানের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দেওয়ার পর অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তাঁকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিরপুর থানা পুলিশ জানিয়েছে, আরিফুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে অন্য কোনো অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য