ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার (১০ আগস্ট) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপজেলার জিকে খালের ২-৪ নং ব্রিজের মধ্যবর্তী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিকে খালের ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ও প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত এই জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। পরে আইনানুযায়ী জব্দকৃত ক্ষতিকর জালগুলো স্থানীয় হাসপাতাল মোড়ে এনে সর্বসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আমাদের দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির চরম ক্ষতি করছে। প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।









