রঞ্জুউর রহমান ॥ “নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়া নৌযান শুমারি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১০ আগস্ট) সকাল দশটায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জেলা কার্যালয় এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান অফিস উপপরিচালক মোহাম্মদ শাহ আলম, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব মোহাম্মদ ইউনুছ আলী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, এবং পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন বলেন, এই সেমিনারে ঘাট মালিক, ঘাট সমিতির সদস্য এবং নৌযান মালিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।
আপনারাই এই কার্যক্রমের মূল স্টেকহোল্ডার। তাই নৌযান শুমারি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আপনাদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখানে উপস্থিত সাংবাদিকদের কাছেও আমরা আন্তরিক সহযোগিতা কামনা করছি। বর্তমানে যে নৌযান শুমারি কার্যক্রম চলমান রয়েছে, তা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। সে বিষয়ে আপনারা গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষকে অবহিত করবেন।
একই সঙ্গে নৌযান সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং এই কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শুমারির প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতন করতে প্রচার-প্রচারণা চালাবেন। নৌযান শুমারি পরিচালনার জন্য আমাদের সরকারি প্রতিনিধিরা মাঠপর্যায়ে যাবেন। তাদের প্রত্যেকের পরিচয়পত্র থাকবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো ধরনের অবৈধ সুবিধা দাবি করলে বিষয়টি সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নৌযান পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিটি নৌযানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও সেফটি মেইনটেন করতে হবে।









