ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে-এখন দেখছি মিছিল
বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়া দুই নারীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারী দাবি করেন,তাকে ট্রেনিংয়ের কথা বলে কর্মসূচিতে নিয়ে আসা হলেও সেখানে গিয়ে তিনি বিক্ষোভ মিছিল দেখতে পান। অন্য নারীও জানান, তাকে শুধু পৌরসভায় আসতে বলা হয়েছিল,কর্মসূচির বিষয়ে তিনি অবগত ছিলেন না।
গতকাল বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও নারীশক্তির ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শুরু আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার এক নারী বলেন,আমারে নিয়ে আইছে ট্রেনিংয়ের জন্য, আমরা নতুন আইছি। ওইটা জানি না, আমারে ইতি বলেছিল আসতে। ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল।
ওই নারীর ভাষ্য অনুযায়ী, তাকে ট্রেনিংয়ে অংশ নেওয়ার কথা বলে সেখানে নিয়ে আসা হয়েছিল। পরে ঘটনাস্থলে এসে তিনি বিক্ষোভ মিছিল দেখতে পান।
আরেক নারী জানান, তাকে পৌরসভায় আসতে বলা হয়েছিল। তবে কেন বা কী কর্মসূচিতে অংশ নিতে তাকে সেখানে আসতে বলা হয়েছে, তা তিনি জানতেন না। তার ভাষ্য, আমারে বলেছে পৌরসভায় আসা লাগবি। আমরা কি জানি নাকি কিসের জন্য আসতে বলেছে। আমারে পৌরসভায় আসতে কইছে তাই আইছি।
বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর ওই দুই নারীর বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন পোস্টে ভিডিও দুটি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, এটা এনসিপির কোনো বিক্ষোভ না। এটা এনসিপির অঙ্গসংগঠন আয়োজন করেছিল। তবে আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। আমাদের যে কয়েকজন কর্মী আছে, আমরা তাদের নিয়েই রাজনীতি করি।”
তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি দেখবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজ, সাবেক যুগ্ম সমন্বয়ক মো. তাছের, যুবশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাট, ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মখলেচুর রহমান আয়াসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে মাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।









