খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই আগস্ট ২০২৬, ১:৪৫ এএম

বিশেষ প্রতিনিধি ॥ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ আগস্ট) সকালের দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া জোড়া পুকুর সংলগ্ন পল্লী বিদ্যুতের নির্মাণাধীন সাবস্টেশন প্রাঙ্গণে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ইসমাত কামাল। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন প্রমূখ। এছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন। উক্ত এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো: ইসমাত কামাল বলেন, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের প্রসারে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আসুন, আমরা সবাই বেশি করে গাছ লাগাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গড়ে তুলি। এদিকে সবুজ বাংলাদেশ গড়ার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। এ সময় উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য