খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৭ই আগস্ট ২০২৬, ১:৫৬ এএম

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার শিক্ষা, প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “শিক্ষায় বিনিয়োগই একটি জাতির উন্নয়নের সবচেয়ে বড় ভিত্তি। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারাই ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শিক্ষার প্রসারে ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে আরও বেশি এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মোহাম্মদ হাবিবুর রহমান (পিকলু)।
তিনি বলেন, নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশনের মূল লক্ষ্য মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করা। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আক্তারুজ্জামান ওরফে কাজল মাজমাদার। তিনি বলেন, শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়, এটি একটি জাতির সামগ্রিক অগ্রগতির ভিত্তি।
সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের এমন মানবিক উদ্যোগ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল লতিফ সেখ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. হেলালউজ্জামান, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. মজিবুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন,
কুষ্টিয়া সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. নূর ইসলাম এবং কুষ্টিয়া পৌর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন জাহান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, কুষ্টিয়ার কুঠিপাড়াভিত্তিক নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষার প্রসারে কাজ করে আসছে। ভবিষ্যতেও সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ত করে শিক্ষা উন্নয়নে আরও বড় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য