খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৪ই আগস্ট ২০২৬, ১:৫৯ এএম

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামের জি কে অফিসসংলগ্ন বৃত্তিপাড়া-ঝাউদিয়া সড়কের পাশে বটতলায় অভিযান চালায়।
এ সময় ১৪৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানে গ্রেপ্তার হন ঝাউদিয়া ইউনিয়নের বৈদ্যনাথপুর এলাকার মো. মাহফুজ আলম (২০) ও মো. শীতল আহম্মেদ (৩৩)। র্যাব জানিয়েছে, জব্দ করা আলামতসহ গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইবি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য