কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অংকন কুণ্ডু নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজশাহীর নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অংকন কুণ্ডু ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট (আইন ও ভূমি ব্যবস্থাপনা) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জানা যায়, গত ২৫ জুলাই বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিয়েছিলেন।

তিনি বিদেশে উচ্চশিক্ষার জন্য বিভাগীয় সুপারিশও সংগ্রহ করেছিলেন। এছাড়া সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগামী ২২ আগস্ট অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত দুই দিন আগে অংকন বাড়িতে যান। শুক্রবার পরিবারের সদস্যদের সাথে স্বাভাবিকভাবে সময় কাটিয়ে রাতে একসাথে খাবার খান। পরে নিজ কক্ষে যাওয়ার কিছুক্ষণ পর তার বড় ভাই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। অংকনের সহপাঠীরা জানান, মাত্র কয়েক দিন আগেও তিনি ক্যাম্পাসে ছিলেন।

স্নাতকোত্তর শেষ করে বিদায় নেওয়ার পর এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা তারা কেউ কল্পনাও করতে পারছেন না। তবে বেশ কিছুদিন ধরেই তাকে কিছুটা বিষন্ন মনে হতো বলে জানান তারা। এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা বলেন, অংকন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য তিনি বিভাগীয় সুপারিশ নিয়েছিলেন এবং এ বিষয়ে আমার সাথে পরামর্শও করেছিলেন। তার এই অকাল মৃত্যুতে আমাদের পুরো বিভাগ গভীরভাবে শোকাহত।

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর