খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৯ই জুলাই ২০২৬, ৩:০ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা সারাদেশে ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। এর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে গাছের চারা ও বিতরণ করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া সামগ্রী বিতরণ নীতিমালা ২০২৬ অনুযায়ী জেলার ছয় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা করা হচ্ছে।
পৃথক দুটি কর্মসূচির আলোকে, গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা পরিষদের আয়োজনে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকার যুব সমাজকে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে সভাপতিত্ব করেন পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে তারই ধারাবাহিকতায় আজ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি খেজুরতলা গ্রামে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। জেলা, উপজেলা ও ইউনিয়নব্যাপী শিক্ষা ও ক্রীড়ার প্রসার নিশ্চিত করতে আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের ক্রীড়াবিদ ও জাতির ভবিষ্যত। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার অবদান অপরিহার্য।
তিনি আরো বলেন, একটি সবুজ, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করতে হবে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে। তিনি উপস্থিত সকলের প্রতি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং খেলাধুলার প্রসারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে খেজুরতলা সংগঠনের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া উপকরণ তুলে দেওয়া হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য