মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টা রুবেল নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গতকাল সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বহলবাড়ি আট মাইল বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্যাপেন্টা রুবেলকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ট্যাপেন্টা রুবেল মিরপুর থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবশেষে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহলবাড়ি ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সামাজিক অস্থিরতা সৃষ্টি হচ্ছিল। তারা ট্যাপেন্টা রুবেলের গ্রেফতারকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও একই ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল বলেন, গ্রেফতারকৃত রুবেল মিরপুর থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমি মিরপুর উপজেলাকে মাদকমুক্ত করতে বদ্ধপরিকর। কোনো মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিস্তার রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









