মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন জামায়াত এমপি আমির হামজা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মানহানির মামলায় স্থায়ী জামিন পেলেন জামায়াত এমপি আমির হামজা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৫, ২০২৬

ঢাকা অফিস ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজা মানহানির অভিযোগে দায়ের করা দুই মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। গতকাল রবিবার (১৪ জুন) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সুমন কর্মকার শুনানি শেষে তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ আদালতের পরিদর্শক (ইন্সপেক্টর) রওশন ইয়াজদানী। আদালত সূত্রে জানা যায়, এর আগে  আমির হামজা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। গতকাল রোববার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে দুটি মামলায় জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত উভয় মামলায় তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি আমির হামজা। মামলার নথি অনুযায়ী, গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার খুতবার আগে এক আলোচনায় আমির হামজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বক্তব্য দেন।

ওই বক্তব্যে টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। এ ঘটনায় গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির কর্নেল একটি মানহানির মামলা দায়ের করেন। একই অভিযোগে পৃথক আরেকটি মামলা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান। মামলার অভিযোগে বলা হয়, ওই বক্তব্যের মাধ্যমে ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে।

এ অভিযোগে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা দুটি দায়ের করা হয়। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন। পরবর্তীতে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে রোববার শুনানি শেষে আদালত দুটি মামলাতেই তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।