দৌলতপুরে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ  

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২৬, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ভিজিএফ এর চাল বিতরণের শুরুতেই অনিয়মের অভিযোগ উঠেছে দৌলতপুর উপজেলার খাদ্য গুদামের  ইনচার্জ (ওসি এল এসডি) সেলিম রেজার বিরুদ্ধে। উপজেলার ১৪ ইউনিয়নে প্রায় ২০ হাজারের অধিক কার্ডধারী এই সুবিধার আওতাধীন।

ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতি কার্ডধারী অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়, উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন ১৮ শত ৫ টি কার্ড বরাদ্দ পেয়েছে ঈদুল আজহা উপলক্ষে। বরাদ্দ অনুযায়ী ১৮ হাজার ৫০   কেজি চাল পাওয়ার কথা। যা  ৫০  কেজির বস্তা ৩৫৫ টি। ৩৫৫ টি বস্তা পেলেও কোন বস্তায় ৫০ কেজি চাল নেই। ৪০ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ ৪৮ কেজি চাল আছে প্রতিটি বস্তাতে।

প্রায় ১১ শত কেজি চাল কম পেয়েছে শুধু রিফায়েতপুর ইউনিয়ন পরিষদ। চাল গাড়িতে তোলা ও নামানোর কাজে নিয়োজিত শ্রমিক বাদল, মামুন  বলেন , আমরা ৩৫৫ বস্তা চাল রিফায়েতপুর ইউনিয়ন পরিষদে নামিয়েছি, বস্তার গায়ে ৫০ কেজি নিট ওজন লেখা থাকলেও কোনটাতেই ৫০ কেজি চাল নেই।

এ বিষয়ে রিফায়েতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বকুল বলেন,  ঈদুল আজহা উপলক্ষে সমাজের অসহায় মানুষের জন্য  ভিজিএফ এর ৩৫৫ বস্তা চাল পেয়েছি কিন্তু বস্তার গায়ে ৫০ কেজি লেখা থাকলেও অধিকাংশ বস্তায় চাল আছে ৪৫ থেকে ৪৮ কেজি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এদিকে দৌলতপুর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ সেলিম রেজা, ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে  প্রতিবেদকে নিউজ না করার অনুরোধ করে এবং বিকালে পার্সোনাল ভাবে আসার অনুরোধ করেন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ কে অফিসে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোনকল রিসিভ করেন নাই।