বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা ও পৌর বিএনপির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মে) বিকেল ৪টার দিকে মিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে যৌথ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন আশরাফুজ্জামান শাহীন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু। মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম।
এ যৌথ সভায় মিরপুর উপজেলার ১৩টি ইউনিয়ন, পৌর ০৯ টি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করা এবং তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বিএনপিকে আরও সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে হবে। জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হতে পারে না। বিগত সময়ে যে কোন আন্দোলন সংগ্রামে তৃনমুল নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা রেখেছেন। তাই তৃণমূলকে সঙ্গে নিয়েই আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন, বিএনপি সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে এবং উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী একটি দল।
এরই পরিপেক্ষিতে আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভাগ্যোন্নয়নের জন্য দেশের উন্নয়নে দিন রাত পরিশ্রম করে চলেছেন। সে লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দলের তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আমাদের ঐক্যবদ্ধ থেকে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে। আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি মিরপুর উপজেলা ও পৌর এলাকার উন্নয়নে সকলে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
