কুষ্টিয়ায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় অপরাধ দমন, দ্রুত বিচার সুনিশ্চিতকরণ এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবনের স্বর্গীয় জগন্নাথ পাঁড়ে সম্মেলন কক্ষে গতকাল বুধবার (২০ মে)  বিকাল সাড়ে ৩ টার সময় এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবির সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুন। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবির সরকার বলেন, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং দ্রুত বিচারিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সুদৃঢ় সমন্বয় অপরিহার্য। মামলার তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করা এবং সাক্ষীদের সময়মতো আদালতে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে তিনি পুলিশ বিভাগকে তাগিদ দেন।

সভাপতির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুন বিচারিক প্রক্রিয়ার নানা চ্যালেঞ্জ তুলে ধরেন এবং পুলিশ-ম্যাজিস্ট্রেসির যৌথ প্রয়াসে কুষ্টিয়া জেলায় বিচারাধীন মামলার জট কমিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন। কনফারেন্সে বিচার বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রহমান, মো. জান্নাতুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মরিওম আক্তার ময়না, সিনিয়র সিভিল জজ নিশীত রঞ্জন বিশ্বাস।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য দপ্তরের মধ্যে কুষ্টিয়া পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মান্নান, কুষ্টিয়া জেল সুপার মো. শরিফুল আলম, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক এসএম শাতিল মাহমুদ ও পিপি খন্দকার সিরাজুল ইসলাম সহ শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ অংশ নেন। মুক্ত আলোচনায় তারা নিজ নিজ ক্ষেত্রের নানা সমস্যা ও তা নিরসনের উপায় নিয়ে আলোকপাত করেন।

কনফারেন্সে বক্তারা কুষ্টিয়া জেলায় সাধারণ মানুষের আইনি অধিকার রক্ষা, ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি, বন্দিদের অধিকার সুরক্ষা এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে, তদন্তের মান উন্নয়ন এবং মেডিকেল সার্টিফিকেট (ভিকটিম ও ইনজুরি রিপোর্ট) দ্রুততম সময়ে আদালতে প্রেরণের ব্যাপারে সংশ্লিষ্টদের আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। পরিশেষে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত বিরতিতে এ ধরনের কনফারেন্স আয়োজনের তাগিদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।