খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২ই আগস্ট ২০২৬, ১:৪৬ এএম

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে স্বজনদের হামলায় নুর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামের ওহাব মন্ডলের ছেলে। গতকাল শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে নুর ইসলামের সঙ্গে তার বড় ভাই কালাম মন্ডলের বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে কালাম মন্ডল, জিতুসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে নুর ইসলামের ওপর চড়াও হন এবং তাকে অতর্কিত মারধর শুরু করেন। স্বজনদের দেশীয় অস্ত্রের হামলায় নুর ইসলাম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে জিতু নামে একজনকে আটক করেছে পুলিশ। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে। বর্তমানে মহদেহের ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য